
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দুই প্লাটুন সদস্যকে ব্যাটালিয়ন সদরে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির দায়িত্বপূর্ণ এলাকার নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির এবং দক্ষিণ বাইশারী শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
বিজিবি জানায়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি জোরদার, সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি সবাইকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।